ডেলিভারি সেবার সময় বৃদ্ধি চায় ই-ক্যাব

৫ এপ্রিল, ২০২১ ২০:০২  
ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানের অনলাইন ডেলিভারি সেবার সময় বৃদ্ধিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে ই-ক্যাব। সোমবার (৫ এপ্রিল) বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীনের সাথে সাক্ষাৎ করে এ আহ্বান জানান ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার। ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার জানিয়েছেন, অনলাইন ডেলিভারি সেবার সময় বাড়ানো এবং রাস্তায় কোনো ধরনের সমস্যায় যেন অনলাইন উদ্যোক্তাদের পড়তে না হয় এজন্য ই-ক্যাবের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি ডিজিবাংলাকে জানান, বর্তমানে অনলাইন ডেলিভারি সেবা সকাল ৭টা থেকে বিকেল পর্যন্ত রয়েছে। ই-ক্যাব তা রাত ১২টা পর্যন্ত বৃদ্ধির জন্য আবেদন করেছে। তিনি বলেন, 'আমরা চিঠি দিয়েছি। বাণিজ্য মন্ত্রণালয় চিঠিটি গ্রহণ করেছে। আশা করি আগামীকাল আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে এর উত্তর পাবো।' এদিকে বাণিজ্য সচিবের সঙ্গে সাক্ষাৎকালে লকডাউন বা বিশেষ পরিস্থিতিতে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড আরো সহজ করা, ই-ক্যাবের স্টিকারের নমুনা কপি দিয়ে স্টিকার বহনকারী প্রতিষ্ঠান বা কর্মীরা যেন যেকোনো সমস্যায় পড়লে দ্রুত গতিতে প্রশাসনের সহযোগিতা পায় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন ই-ক্যাব প্রেসিডেন্ট। এসময় ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩ মার্চ সকল ধরনের অনলাইন সেবা চালু রাখাসহ ১৫টি বিষয়ে দৃষ্টি আকর্ষন করে বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের ২১টি দপ্তরে চিঠি দেয় ই-ক্যাব।